ফেনীতে ভাই হত্যা মামলায় পলাতক দুই আসামি গ্রেপ্তার

ফেনীর ছাগলনাইয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই সামছুল করিমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন)।
গ্রেপ্তারকৃতরা হলেন- ছাগলনাইয়া উপজেলার পশ্চিম জয়পুর এলাকার মৃত হাসেম ভূঁইয়ার ছেলে ২নং এজাহারনামীয় আসামি রেজাউল করিম প্রকাশ মিয়া (৫০) এবং তার স্ত্রী ৩নং এজাহারনামীয় আসামি আমেনা বেগম (৪০)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ফেনী সদর থানাধীন ফাজিলপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা সম্পর্কে একে অপরের স্বামী-স্ত্রী।
এসআরবি-৭ সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর ২০২৫ তারিখে ছাগলনাইয়া থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামিরা ফেনী সদর এলাকায় আত্মগোপনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৭-এর একটি আভিযানিক দল ফাজিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি ভাগ-বাটোয়ারা নিয়ে সামছুল করিমের সঙ্গে তার ভাইদের বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় গত বছরের ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে বসতঘরের সামনে পৈতৃক জায়গায় গাছের পাতা কুড়ানোকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে নুর করিম প্রকাশ সোহেল ও রেজাউল করিম প্রকাশ মিয়াসহ অন্যান্যরা সামছুল করিমকে গালিগালাজ করে এবং ধারালো ছুরি, লাঠি ও ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় সামছুল করিমকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৪ নভেম্বর ভোরে তার মৃত্যু হয়। উক্ত ঘটনায় নিহতের স্ত্রী হালিমা আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ছাগলনাইয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় এ দুই আসামিকে আটক করেছে এসআরবি-৭।
এসআরবি-৭ এর অধিনায়ক মিজানুর রহমান এশিয়া পোস্টকে বলেন, গ্রে প্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনীর ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।