ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা স্থায়ী বহিষ্কার

ঝালকাঠির কাঁঠালিয়ায় ইয়াবাসহ গ্রেপ্তারের পর সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তর হাওলাদারকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন ও সদস্য সচিব সাইদুল ইসলাম রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ অন্তরকে সাংগঠনিক পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানা পুলিশের একটি দল উপজেলার পশ্চিম আউড়া গ্রামে অভিযান চালায়। এ সময় ৮ পিস ইয়াবাসহ অন্তর হাওলাদার ও তার সহযোগী মো. জাহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা করা হয়।
বুধবার সকালে তাদের ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে ছাত্রদলের অবস্থান জিরো টলারেন্স। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ বা মাদকের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না। ছাত্রদলের নেতাকর্মীদের মাদক থেকে দূরে থেকে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা মেনে চলতে হবে।


