নিখোঁজের তিন দিন পর মিলল গৃহবধূর অর্ধগলিত লাশ

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের তিন দিন পর রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাশুরসহ চারজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে কামালপুর হাইওয়ে সড়কের পাশের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে নিখোঁজ ছিলেন রোজিনা। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সেখানে গিয়ে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রোজিনার বলে শনাক্ত করেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, তিন দিন আগেই তাকে হত্যা করে অথবা কোনো দুর্ঘটনায় মৃত্যুর পর মরদেহটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ভাশুরসহ চারজনকে আটক করা হয়েছে। পলাতক স্বামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।