logo
Advertisement

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি

সিলেট, সিলেট
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বিডিনিউজ

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবার সিলেট গেলেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা ২৯ মিনিটে তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সফরের পাঁচটি ভেন্যু ও তিনটি কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। সফর চলাকালে প্রায় এক হাজার নিয়মিত পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

এর আগে গতকাল সোমবার দুপুরে সফরের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। পরে হযরত শাহজালাল (রহ.) মাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, রাষ্ট্রপতির সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সফরকালে তিনি দুটি মাজার জিয়ারত করবেন এবং নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। এই তিনটি কর্মসূচিকে কেন্দ্র করে পাঁচটি ভেন্যুতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে নগরের গুরুত্বপূর্ণ ৭টি স্পটে অবস্থান নেবেন সিলেট মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় নির্ধারিত জায়গাগুলোতে সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা স্বাগত কর্মসূচির নেতৃত্ব দেবেন।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন রাষ্ট্রপতি। এরপর সার্কিট হাউসে কিছু সময় বিরতি নিয়ে রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন তিনি।