শিক্ষার্থীকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

খুলনা নগরীতে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীর পায়ে শিকল বেঁধে নির্যাতনের অভিযোগে মাদ্রাসার মুহতামিম (প্রধান শিক্ষক) মাওলানা মো. আসলাম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৫ জুলাই) রাতে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া এলাকার হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শিশুটির পরিবারের সদস্যরা বলেন, দিনমজুর বাবা ছেলেকে হাফেজ বানানোর আশায় স্থানীয় হামিউস সুন্নাহ দারুল উলুম মাদ্রাসায় ভর্তি করান। কিন্তু মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. আসলাম উদ্দিন শিশুটিকে দিয়ে ব্যক্তিগত বিভিন্ন কাজ করাতেন।
অভিযোগ রয়েছে, তাকে গরু-ছাগল চরানোসহ নানা কাজে বাধ্য করা হতো। এসব কাজে আপত্তি জানালে শিশুটিকে মারধর করা হতো এবং বিভিন্নভাবে শাস্তি দেওয়া হতো। একপর্যায়ে তার পায়ে শিকল বেঁধে নির্যাতন করা হয়েছে বলেও পরিবারের অভিযোগ।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর রহমান বলেন, শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





