Advertisement

এটা আপনার কেমন পরিকল্পনা: প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলামের প্রশ্ন

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
এটা আপনার কেমন পরিকল্পনা: প্রধানমন্ত্রীকে নাহিদ ইসলামের প্রশ্ন
সিলেটে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, আপনি বলেছিলেন আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা–একজন কলেজপড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নিল আপনার ছেলেরা। হবিগঞ্জের জিকে গউসের অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে। একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাট উপজেলায় জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা আমার শত শত ভাইবোনের চোখ নষ্ট করে আজকে দিল্লিতে। নির্বাচিত তারেক রহমান এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কী বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না।

তিনি বলেন, অবশ্যই সেই কিশোরের চোখ কীভাবে ফেরত দেবেন আমরা জানি না। কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা মাঠে আছি।

বিএনপি নেতাকর্মীদের সমালোচনা করে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, অতীতে দেখেছি দমন-পীড়ন করে বাধা দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে থামানো যায় না। দুঃখের বিষয় যারা পাট-ধান ক্ষেতে যেসব সৈনিকেরা এত বছর লুকিয়েছিল। যেসব সৈনিকেরা জেলের ভেতরে ছিল, লন্ডনে কিংবা শিলংয়ে ছিল, জনগণের রক্তের বিনিময়ে তারা ক্ষমতায় এসে জনগণের ওপর আবার জুলুম শুরু করেছে। এটা দ্বারা প্রমাণ হয় বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেনি। তারা অপেক্ষায় ছিল, তারা লড়াই করেছিল ক্ষমতায় গিয়ে কীভাবে জনগণের ওপর আবার জুলুম করবে, কীভাবে চাঁদাবাজি করবে, কীভাবে সন্ত্রাস করবে, কীভাবে জমি দখল ভূমি দখল করবে।

নতুন কোনো স্বৈরাচারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আমাদের ওয়াদা-বিএনপি যদি সেই পথে হাঁটে, স্বৈরাচার এবং সন্ত্রাসের পথে হাঁটে আমরা লাখো কোটি জনতা ঐক্যবদ্ধ আছি, আমরা আবু সাঈদের উত্তরসূরি, ওসমান হাদির উত্তরসূরিরা ঐক্যবদ্ধ আছি। নিজেদের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন কোনো স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেব না, দেব না, দেব না।

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনিচ্ছার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাইয়ের অঙ্গীকার সংস্কার এবং বিচার তার দাবিতে আমরা কথা বলতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি নির্বাচিত হয়ে বিএনপি সরকার অগণতন্ত্রের পথে হাঁটছে, নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে।

এর আগে, বক্তব্যের শুরুতে তিনি হবিগঞ্জ ও গোলাপগঞ্জে এনসিপির ওপর হামলার সমালোচনা করে বলেন, যারা হামলা করে, রাস্তায় ট্রাক ও রাস্তায় ট্রাক্টর বসিয়ে ভেবেছিল জুলাই পদযাত্রা বন্ধ করে দেবে–কানাইঘাটবাসী আজকে তাদেরকে ব্যর্থ প্রমাণ করেছে।

তিনি আরও বলেন, মানুষ কষ্টে আছে। গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। সবজির দাম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের দাম বৃদ্ধি পেয়েছে। গত দুই দিন আগে টিসিবির লাইনে দাঁড়িয়ে এক নারী মারা গেছে। কিন্তু বিরোধী হিসেবে আমরা এগুলোর সমালোচনা করতে পারব না। আমরা যদি সমালোচনা করি তাহলে আমাদের চোখ উপড়ে ফেলা হচ্ছে। আমাদের রাস্তায় ট্রাক্টর ফেলা হচ্ছে। বালু ছাড়া ট্রাক ফেলা হচ্ছে। এটা হচ্ছে তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’-এর নমুনা।

পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

এদিন গোলাপগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ সাত পরিবারের সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে দুই দফা হামলার শিকার হয় সারজিস আলমের গাড়িবহর। এতে কানাইঘাটের কর্মসূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। সেই অনিশ্চিয়তা কাটিয়ে বড় জমায়েতের মধ্য দিয়ে শেষ হয় বৃহস্পতিবারের কর্মসূচি। শুক্রবার সিলেটের আরও তিন উপজেলায় পদযাত্রা করবে এনসিপি।