logo

নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের ঝুটের গুদামের আগুন

নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের ঝুটের গুদামের আগুন

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব সস্তাপুর এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৯টার দিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে আগুনে অনন্ত ১২টি গুদামে থাকা জুট, পলিথিন ও কাগজের সঙ্গে আরও তিনটি দোকান পুড়ে গেছে। আজ সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে ওই গুদামে আগুনের সূত্রপাত ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও গুদাম মালিকরা জানান, সড়কের পাশে একটি ঝুটের গুদামে আগুন লাগে। দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ, ফতুল্লা স্টেশনের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আসে। তবে আগুনে অনন্ত ১২টি গুদাম ছাড়াও একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেল মেরামতের দোকান ও একটি রিকশার যন্ত্রপাতির দোকান পুড়ে গেছে। 

ফায়ার সার্ভিসের (ঢাকা) উপপরিচালক নজমুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহত বা দগ্ধের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হবে। পরে আরও বিস্তারিত জানানো হবে। 

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির।