logo

পরিবার নিয়ে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটায় প্রাণ গেল যুবকের

পরিবার নিয়ে কক্সবাজার যাওয়ার পথে সড়ক দুর্ঘটায় প্রাণ গেল যুবকের
সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এমদাদুল ইসলাম। ছবি: পরিবারের সৌজন্যে

পরিবার নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এমদাদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমদাদুল ইসলাম নরসিংদীর পলাশ উপজেলার জয়নগর এলাকার আহম্মদ আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এমদাদুল ইসলাম ও তার ভাইয়ের পরিবারের সদস্যরা একটি মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিলেন। গাড়িটি বাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অজ্ঞাতপরিচয় যানবাহনের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের সিটে বসে থাকা এমদাদুল দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকে পড়েন।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে তাকে গাড়ি থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

বার-আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতপরিচয় গাড়ির পেছনে ধাক্কা দেওয়ায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনানর শিকার গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।