logo

ইসরাতের জন্য রাজপথে হাজীগঞ্জের শিক্ষার্থীরা

ইসরাতের জন্য রাজপথে হাজীগঞ্জের শিক্ষার্থীরা
চাঁদপুর হাজীগঞ্জে বিচারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচী। ছবি: এশিয়া পোস্ট

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থী ইসরাত জাহানের চিকিৎসার ব্যয়ভার ও দুর্ঘটনার জন্য দায়ী চালকের শাস্তির দাবিতে চাঁদপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

রোববার (৪ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

এ সময় ‘নিরাপদ সড়ক চাই’, ‘জাস্টিস ফর ইসরাত’সহ বিভিন্ন স্লোগান দেন তারা। পরে ইসরাতের বিচারের দাবিতে সড়কে অবস্থান নিয়ে প্রায় আধা ঘণ্টা অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী আব্দুর রহমান সানি ও বিথি আক্তার বলেন, আহত ইসরাতের চিকিৎসার পুরো ব্যয়ভার দুর্ঘটনার জন্য দায়ী পক্ষকে বহন করতে হবে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী চালকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা দিনের বেলায় মহাসড়কে ট্রাক চলাচল বন্ধসহ নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, মহাসড়কে দিনের বেলায় ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হলে এ ধরনের দুর্ঘটনা কমানো সম্ভব। ইসরাতের দ্রুত সুস্থতার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর শাহরাস্তি উপজেলার রাজাপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা ইসরাত জাহানকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। ইসরাত হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।