দালাল ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে এমপির অভিযান

দালাল ও চাঁদাবাজদের ধরতে মাদারীপুর রেজিস্ট্রার অফিসের গেটে তালা মেরে অভিযান চালিয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।
সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিক এই অভিযান চালানো হয়।
এ সময় এমপি জাহান্দার আলী মিয়া দলিল লেখক, জমির ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। তিনি ৪৭ জন দলিল লেখক ও তাদের একজন করে সহকারীর তালিকা ও কাগজপত্র জমা দেওয়ার আহ্বান জানান। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব, জেলা রেজিস্ট্রার আমির হামজাসহ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে জাহান্দার আলী মিয়া সাংবাদিকদের বলেন, ১৭ বছর বিভিন্ন অফিস থেকে চাঁদাবাজি করেছে মস্তানরা। আমরা আজকের অভিযানে চাঁদাবাজির সত্যতা পেয়েছি। বিকেল ৩টার দিকে এখানে চাঁদা তোলা হয়। সেটা আমরা তদারকিতে নিলাম। এখানে যে ৪৭ জন দলিল লেখক রয়েছেন, তাদের কাগজপত্র জমা দিতে বলেছি। তাদের যে সহকারীরা আছেন, তাদের মাধ্যমেই চাঁদাবাজিগুলো চলছে। সহকারীদের তালিকাও চেয়েছি। এরপর হঠাৎ অভিযানে ক্রেতা-বিক্রেতা, দলিল লেখক বাদে বাকি যারা থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেব।