logo

বাড়িতে পৌঁছানোর কথা বলে ইটভাটায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ

বাড়িতে পৌঁছানোর কথা বলে ইটভাটায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ
গ্রেপ্তার সৈকত ও মোহাম্মদ মুস্তাকিম। ছবি : পুলিশের সৌজন্যে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাড়িতে পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ইটভাটায় পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মো. আলমের ছেলে সৈকত (২৮) এবং কচুয়া ইউনিয়নের উল্লা সোনাতলা (হাজীপাড়া) গ্রামের মো. বাদল মিয়ার ছেলে মোহাম্মদ মুস্তাকিম (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (২১) উপজেলার টেপা পদুমশহর গ্রামের সিদ্দিক ব্যাপারীর মেয়ে এবং এক সন্তানের জননী। গত শনিবার গোবিন্দগঞ্জে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে বোনারপাড়া এলাকায় পৌঁছালে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের সৈকতের সঙ্গে তার দেখা হয়। এ সময় সৈকত তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে একটি ভ্যানে তোলে। ওই সময় ভ্যানচালক মুস্তাকিমও তাদের সঙ্গে ছিলেন।

পরবর্তীতে শনিবার রাত আনুমানিক ১০টার দিকে বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার নির্জন স্থানে নিয়ে দুই যুবক তাকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত দুজনকে আটক করেন। পরে পুলিশে খবর দিলে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় সাঘাটা থানায় মামলা করা হয়েছে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুরুল হুদা বলেন, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।