logo

ডোপ টেস্টে পজিটিভ ৩ পুলিশ সদস্য

ডোপ টেস্টে পজিটিভ ৩ পুলিশ সদস্য

বরিশাল জেলা পুলিশের তিন সদস্যের ডোপ টেস্টের ফল পজিটিভ হয়েছে। এ নিয়ে বরিশাল পুলিশ বিভাগে তোলপাড় চলছে।

জানা গেছে, পুলিশ বিভাগকে মাদকমুক্ত রাখতে বরিশাল জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গত তিন দিন আগে জেলার উজিরপুর থানা পুলিশের সবার ডোপ টেস্ট করানো হয় বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে। এতে তিন কনস্টেবলের ডোপ টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। পরে ওই তিনজনকে তাদের জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ সদস্য বলেন, জেলা পুলিশের সবার ডোপ টেস্ট কার্যক্রম চলমান আছে। পর্যায়ক্রমে জেলার দশটি থানার পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১৭ এপ্রিল জেলার উজিরপুর থানার তিনজনকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তাদের ডোপ টেস্টে পজিটিভ এলে পুলিশ সুপারের কার্যালয়ে আটকে রাখা হয়।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই তিন পুলিশ সদস্যকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে। 

এর আগে ২০২০ সালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৪৩ জন সদস্যের ডোপ টেস্ট করা হয়। ওই সময় ১৭ জনের শরীরে মাদক সেবনের প্রমাণ মেলে। তাদের মধ্যে চারজনকে চাকরিচ্যুত এবং পাঁচজনকে মাদক মামলায় গ্রেপ্তার করা হয়। বাকিদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় এবং পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।