Advertisement

এসএসসি/কুমিল্লা বোর্ডে ফেল ৫০ হাজার, মানবিকে পাসের হার সবচেয়ে কম

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
কুমিল্লা বোর্ডে ফেল ৫০ হাজার, মানবিকে পাসের হার সবচেয়ে কম
ছবি : সংগৃহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় মোট ৫০ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী ফেল করেছেন। বিভাগভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে কম পাসের হার মানবিক বিভাগে—মাত্র ৫০ দশমিক ৬১ শতাংশ।

Advertisement

সোমবার (১০ আগস্ট) সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার ফলাফলের এসব তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মোট এক লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৯৫ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। সার্বিক পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ।

এবারের পরীক্ষায় গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কমসংখ্যক পরীক্ষার্থী অংশ নিয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে কুমিল্লা বোর্ডে পাস করেছিল ১ লাখ ৪০ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী। তবে চলতি বছর পরীক্ষায় সর্বমোট অংশ নেওয়া পরীক্ষার্থীর সংখ্যাই ছিল ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে মানবিক বিভাগ। এ বিভাগে পাসের হার মাত্র ৫০ দশমিক ৬১ শতাংশ, যার ফলে মানবিক বিভাগের প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। অন্যদিকে সার্বিক ফলাফলে ছেলেদের চেয়ে মেয়েরা বেশ এগিয়ে রয়েছে; এবার মেয়েরা ছেলেদের তুলনায় ২০ হাজার ৯৯৩ জন বেশি পাস করেছে।

চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ৯ হাজার ৮১৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বোর্ডের আওতাধীন ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। বিষয়ভিত্তিক ফলাফলের মধ্যে ইংরেজিতে পাসের হার ৮১ দশমিক ২৯ শতাংশ এবং গণিতে ৮১ দশমিক ৭৫ শতাংশ।

উল্লেখ্য, গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ লাখ ৬ হাজার ৫৮১ জন পরীক্ষার্থী পাস করেছিল এবং পাসের হার ছিল ৬৩ দশমিক ৬০ শতাংশ। সেই তুলনায় চলতি বছর পাসের হার সামান্য বাড়লেও মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা লক্ষণীয়ভাবে কমেছে।

বিষয় :