logo

পুলিশ আমাদের দলীয় কার্যালয় রক্ষা করতে পারেনি: বিএনপি নেতা

ইজমো আহম্মেদ
গোপালগঞ্জ
পুলিশ আমাদের দলীয় কার্যালয় রক্ষা করতে পারেনি: বিএনপি নেতা
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলার পর থেকে বন্ধ রয়েছে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় বিএনপির দলীয় কার্যালয়। হামলার হাত থেকে দলীয় কার্যালয়গুলো পুলিশ রক্ষা করতে পারেনি বলে অভিযোগ করেছেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ।

শনিবার (২৮ নভেম্বর) মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এশিয়া পোস্টকে এ কথা জানান তিনি।

Advertisement

শরীফ বলেন, গত ১৭ নভেম্বর থেকে দলীয় কার্যালয়গুলো বন্ধ। যখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, যখন ওই দুর্বত্তরা দুর্বল হবে, তখনই আমাদের কার্যালয়গুলো পুনরায় চালু করব। এখন চালু করলে ওরা আবার হামলা করবে, পুলিশ তো আমাদের নিরাপত্তা দিতে পারেনি। দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো পুলিশের।

পুলিশ নিজেরাই নিজেদের নিরাপত্তা রক্ষা করতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, আমাদের অফিস কীভাবে তারা রক্ষা করবে, নিরাপত্তা দেবে? এ জন্য পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার শুরু করব ইনশাআল্লাহ।

দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় কোনো মামলার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে জেলা বিএনপির এই নেতা বলেন, এটা নিয়ে আমরা কেন্দ্রের সঙ্গে আলোচনা করব। যেভাবে নির্দেশনা আসে, সেভাবেই করব। আপাতত কোনো সিদ্ধান্ত নিইনি।

আওয়ামী লীগের ডাকা ২৯-৩০ তারিখ লকডাউনে গোপালগঞ্জ জেলা বিএনপি কোনো পদক্ষেপ নেবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, তারা লকডাউন কর্মসূচি দিয়েছে। তারা তাদের লকডাউনটা বাস্তবায়ন করবে। লকডাউনের বিপরীতে পাল্টা কর্মসূচি বা কাউন্টার করার পরিকল্পনা আমাদের নেই। সাংগঠনিক কোনো প্রোগ্রাম হলে আলোচনা করে দেব।