অস্ত্র-গুলিসহ সুন্দরবনের বনদস্যু করিম বাহিনীর সদস্য আটক

সুন্দরবন থেকে অস্ত্র, গুলি ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জামসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেলে পূর্ব সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিস-সংলগ্ন ড্রেনের খাল এলাকায় কোস্টগার্ড বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। ধাওয়া করে করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করা হয়।
অভিযানে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা গুলি, ৭৪ রাউন্ড ফাঁকা গুলি, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়। একই সঙ্গে দস্যু বাহিনীর একটি আস্তানা ধ্বংস করা হয়।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পিসি বাড়ইখালি এলাকায় তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে দস্যুতা ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি আল-আমিন বাচ্চু হাওলাদার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বাসিন্দা। কোস্টগার্ডের দাবি, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
কোস্টগার্ড জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও অন্যান্য আলামতসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
