সাভার কমিউনিটি সেন্টারে মিলল আরও ২ পোড়া মরদেহ

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মরদেহ দুটির একটি নারীর এবং অন্যটি শিশুর হতে পারে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড এলাকায় অবস্থিত ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের ভেতরে মরদেহ দুটির সন্ধান পায় পুলিশ। এর আগে, গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক শিক্ষার্থী জরুরি কাজের জন্য কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থী ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মরদেহ দুটি পোড়া হওয়ায় পরিচয় জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে, গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে ওই নিহত যুবকের এখনও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এরপর ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে মহল্লার পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে তিন খুনের ঘটনায় নিহতদের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।