বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে: হুইপ অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। আমরা বলি পরে করি আগে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) শরীয়তপুর সদর উপজেলার পালং বাজারে জেলা প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, আজকে শরীয়তপুর প্রেসক্লাবের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো, ইনশাআল্লাহ খুব শিগগিরই এটি পূর্ণাঙ্গ রূপ ধারণ করবে। এ কাজের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। আমরা বলি পরে করি আগে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে হুইপ অপু বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক। তাই সবাইকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা আমাদের ভুলগুলো লিখবেন। আমাদের ভুল-ত্রুটি তুলে ধরবেন। তবে এমন কিছু লেখা যাবে না, যাতে আমরা কাজের আগ্রহ হারিয়ে ফেলি।
তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের অসংগতি, অনিয়ম ও মানুষের সমস্যাগুলো তুলে ধরা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শওকত আরা আক্তার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসিরউদ্দিন কালু, জেলা প্রশাসক তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন সরদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন রবিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও জেলা প্রেসক্লাবের সদস্যরা।

