logo

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় দুই পুলিশসহ ৩ জনের ৪ দিনের রিমান্ড

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনায় দুই পুলিশসহ ৩ জনের ৪ দিনের রিমান্ড
এসআই প্রবীর কুমার বিশ্বাস গ্রেপ্তার। পুরোনো ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজন ভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গাজীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক জুবায়ের রশিদ ওই রায় দিয়েছেন। এর আগে সোমবার মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান সাত দিনের রিমান্ড আবেদন করে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর প্রিজন ভ্যানে ২৯ জন আসামি নিয়ে ঢাকা জেলা জজ কোর্ট থেকে কাশিমপুরের দিকে যাওয়ার সময় তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে থামানো হয়। সেখানে প্রিজনার ভ্যানের ইনচার্জ এএসআই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে ভ্যানের চাবি নেন। এরপর হাজতি পিচ্চি রাজা ও হাজতি খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করে নেন। খাইরুল বাশার ভ্যানের সামনে নেওয়া হলেও পিচ্চি রাজা ও এএসআই প্রবীর কুমার বিশ্বাস ভ্যানে ওঠেননি। ঘটনাস্থল থেকে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে করে পিচ্চি রাজাকে তুলে দিয়ে পালিয়ে যেতে সাহায্য করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে এসআই প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে ফিরে এসে প্রিজনার ভ্যানে ওঠেন এবং স্কট পার্টির সদস্যদের নিয়ে আসামি পালানোর ঘটনা সাজানো হয়। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এসআই প্রবীর কুমার বিশ্বাস, ভ্যানচালক নায়েক কামাল হোসেন ও পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা কনস্টেবল মো. জাকির হোসেন, কনস্টেবল মো. সাকিব, কনস্টেবল শাকিল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছে।