ডালডায় মরা ইঁদুর, জরিমানা দেড় লাখ টাকা

চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি বেকারি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদর উপজেলার দৌলতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় তদারকি অভিযান চালানো হয়।
অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় জানায়, অভিযান চলাকালীন অস্বাস্থ্যকর পরিবেশে মেসার্স মৌসুমী ফুড প্রোডাক্ট বেকারিতে ব্যবহৃত ডালডার মধ্যে মরা ইঁদুর পাওয়া যায়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার ও পণ্যটির তারিখ আপডেট করে বিক্রি করার কারণে মালিক সাইদুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে অন্যানা ফুড প্রোডাক্টকে মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুনভাবে প্যাকেটজাত করার দায়ে মালিক সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ও ৫১ ধারায় এই অর্থদণ্ড আদায় করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে দ্রুততম সময়ে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
রমজান উপলক্ষে বিশেষ তদারকি অভিযানের অংশ হিসেবে স্থানীয় হোটেল, সেমাই ও মসলার মিলেও তদারকি চালানো হয়। ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ বা নিম্নমানের পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।