logo

ট্রলারডুবি, ভেসে গেল কৃষকের স্বপ্ন

ট্রলারডুবি, ভেসে গেল কৃষকের স্বপ্ন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় তরমুজবোঝাই একটি ট্রলার নদীতে ডুবে গেছে। ফলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সংশ্লিষ্ট কৃষক।

রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙ্গা স্লুইসগেট এলাকা থেকে পার্শ্ববর্তী গলাচিপা উপজেলায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাজারে বিক্রির উদ্দেশ্যে মিলন খানের মালিকানাধীন একটি ট্রলারে করে তরমুজ চাষি ইলিয়াস গাজী তার উৎপাদিত তরমুজ গলাচিপায় নিয়ে যাচ্ছিলেন। নদীপথে কিছুদূর অগ্রসর হওয়ার পর হঠাৎ ট্রলারটি নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা বিপুল পরিমাণ তরমুজ নদীর স্রোতে ভেসে যেতে থাকে। এ সময় আশপাশে থাকা অন্যান্য ট্রলারের লোকজন দ্রুত এগিয়ে এসে ভেসে যাওয়া তরমুজ উদ্ধারের চেষ্টা করেন। তারা কিছু তরমুজ উদ্ধার করতে সক্ষম হলেও অধিকাংশ তরমুজ নদীর স্রোতে ভেসে যায়।

স্থানীয় তরমুজ চাষিরা জানান, ট্রলারডুবির ঘটনায় কৃষক ইলিয়াস গাজীর ব্যাপক ক্ষতি হয়েছে। বাজারে বিক্রির জন্য তরমুজগুলো নদীপথে গলাচিপায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে তার উৎপাদিত তরমুজের বড় একটি অংশ নষ্ট হয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, একটি ভিডিওতে তরমুজসহ একটি ট্রলার ডুবে যাওয়ার বিষয়টি দেখা গেছে। বিষয়টি খোঁজখবর নিয়ে বিস্তারিত জানা যাবে।