ছাত্রলীগের মিছিলের ঘটনায় আসামি সাবেক এমপি বাহার

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ৫১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
সোমবার (৮ জুন) সদর দক্ষিণ মডেল থানার এসআই আহসান হাবীব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫১ নেতাকর্মীর নাম উল্লেখের পাশাপাশি আরও ১৬০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশের দাবি, রোববার (৭ জুন) কুমিল্লা সদর দক্ষিণ এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল করে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মিছিলটি কয়েকজন রাজনৈতিক নেতার নির্দেশনা ও অর্থায়নে হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।