Advertisement

সাভারে তীব্র যানজটে সড়কেই সন্তান প্রসব করলেন নারী

এশিয়া পোস্ট নিউজ, সাভার
সাভারে তীব্র যানজটে সড়কেই সন্তান প্রসব করলেন নারী
ছবি : এশিয়া পোস্ট

সাভারে মহাসড়কের সার্ভিস লেনে তীব্র যানজটে আটকে পড়ে মোসা. রাজিয়া খাতুন (৩২) নামে এক নারী সড়কেই সন্তান প্রসব করেছেন।

রোববার (২ আগস্ট) সন্ধ্যায় সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

বর্তমানে মা ও তার সময়ের আগে জন্ম নেওয়া (প্রিম্যাচিউর) নবজাতক স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা যায়, প্রসবের নির্ধারিত সময়ের দুই মাস বাকি থাকতেই আকস্মিক ব্যথায় আক্রান্ত হন রাজিয়া। তার স্বামী মো. আমীর হামজা তাকে রিকশায় করে স্থানীয় সুপার মেডিকেল হাসপাতালের উদ্দেশে রওনা হন। তবে সাভার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তীব্র যানজটে আটকে পড়ে তাদের বহনকারী রিকশাটি। মাত্র দুই মিনিটের পথ অতিক্রম করতে ১৫ মিনিটেরও বেশি সময় আটকে থাকা অবস্থায় প্রসববেদনা তীব্র হলে পথেই সন্তান প্রসব করেন ওই নারী এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন।

পরবর্তীতে স্বামী দৌড়ে হাসপাতালে গিয়ে সহায়তার আকুতি জানালে, হাসপাতালের কর্মীরা স্ট্রেচার নিয়ে দ্রুত সড়ক থেকে মা ও নবজাতককে উদ্ধার করে নিয়ে আসেন।

ভুক্তভোগীর স্বামী মো. আমীর হামজা ক্ষোভ প্রকাশ করে বলেন, জরুরি পরিস্থিতিতেও সড়কের বিশৃঙ্খলার কারণে আমরা সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারিনি। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—শত শত মানুষ আমাদের এই অসহায়ত্ব দেখেও সাহায্যের জন্য এগিয়ে আসেনি।

হাসপাতালের ব্যবস্থাপক মো. আসিফ হামজা জানান, খবর পেয়েই আমাদের কর্মীরা মা ও নবজাতককে উদ্ধার করে আনে। প্রসূতির চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। মা ও শিশু বর্তমানে স্থিতিশীল থাকলেও শিশুটি প্রিম্যাচিউর হওয়ায় তাকে এনআইসিইউতে (নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

বিষয় :সাভার