চুরির অপবাদে মারধরের পর ‘আত্মহত্যার’ ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে দায়ের করা এক মামলায় সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রাজিবুল হক শানুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে সুটিয়াকাঠি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ১ মার্চ উপজেলার বালিহারী গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির খানের ছেলে অটোরিকশাচালক আবদুল্লাহ আল মামুন সবুজকে ইউনিয়ন পরিষদে ডেকে নেওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে মারধর করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে অভিযোগ।
এ ঘটনার পর সবুজ বাড়িতে গিয়ে বিষপান করেন। অপমান সইতে না পেরে তিনি বিষপান করেন বলে অভিযোগ। পরে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ মার্চ রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় সবুজের স্ত্রী সুমি বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে নেছারাবাদ থানায় একটি মামলা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, আত্মহত্যায় প্ররোচণার মামলায় রাজিবুল হক শানুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।