ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর
ছবি: এশিয়া পোস্ট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রেললাইনে আটকে পড়া ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় শারমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার একটি ছাগলও মারা যায়।

শনিবার (১১ জুলাই) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের উপজেলার কাকিনা ইউনিয়নের সুকানদীঘি রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শারমিন আক্তার উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকার বিপ্লব মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুকানদীঘি রেললাইনের পাশে দুটি ছাগল বেঁধে ঘাস খাওয়াচ্ছিলেন শারমিন। দুপুরে ছাগল দুটিকে বাড়িতে নিয়ে আসার জন্য রেললাইনের কাছে যান তিনি। এ সময় ছাগলের রশি রেললাইনের পাতের সঙ্গে পেঁচিয়ে যায়। শারমিন রশির প্যাঁচ ছাড়াতে রেললাইনের ওপর উঠলে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন চলে আসে। ট্রেন দেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। একই সাথে ট্রেনের নিচে কাটা পড়ে তার একটি ছাগলও মারা যায়।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।