গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ফিরোজ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১ জুন) দিবাগত মধ্যরাতে উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফিরোজ আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পিটিআই বস্তি এলাকার মৃত নূর নবীর ছেলে। তিনি পাঁচ বছর ধরে ভোলাহাটের গোহালবাড়ি গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে গোহালবাড়ি গ্রামের এমরান হোসেনের গোয়াল ঘরে গরু চুরির চেষ্টা চালান ফিরোজ। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার শুরু করলে গ্রামবাসী জড়ো হয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে উত্তেজিত জনতার গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ফিরোজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) ভোরে তার মৃত্যু হয়।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, রাতে গরুচোর সন্দেহে ফিরোজ নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
