logo

নদী সাঁতরে লোকালয়ে বাঘ, পায়ের ছাপ ঘিরে আতঙ্ক

নদী সাঁতরে লোকালয়ে বাঘ, পায়ের ছাপ ঘিরে আতঙ্ক
সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপ। ছবি: এশিয়া পোস্ট

বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন লোকালয়ে বাঘের পায়ের ছাপ পাওয়াকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্ক করতে বন বিভাগ ও ভিটিআরটি সদস্যরা এলাকায় মাইকিং শুরু করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাতলা গ্রামে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় এক ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, খবর পেয়ে সোমবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পায়ের ছাপ দেখে বাঘটি সুন্দরবনের দিকে চলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) টিম লিডার মো. জাকারিয়া হোসাইন বলেন, সোমবার সকালে সোনাতলা গ্রামের ভিটিআরটি সদস্য আব্দুল লতিফ হাওলাদার তার বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি বিষয়টি সুন্দরবন বিভাগ ও ভিটিআরটি সদস্যদের জানান।

তিনি আরও বলেন, লোকালয়ের কাছাকাছি বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্কতার সঙ্গে চলাচল করতে মাইকিং করা হচ্ছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, ভিটিআরটি সদস্যদের মাধ্যমে লোকালয়ে বাঘ আসার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পায়ের ছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে, বাঘটি সুন্দরবনে ফিরে গেছে। রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, জনসাধারণকে সচেতন করতে এলাকায় মাইকিং করার পাশাপাশি বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।