logo

দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় দুই কিশোর নিহত

দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় দুর্ঘটনায় দুই কিশোর নিহত

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, দ্রুতগতিতে চলা মোটরসাইকেলটি ঝিনাইদহমুখী একটি মাহেন্দ্র গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফ হোসেন ও সোহান আহমেদ মোটরসাইকেল নিয়ে ঝিনাইদহ শহর থেকে গ্রামে ফিরছিল। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে একটি মাহিন্দ্র গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, নিহত দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।