logo

বরিশালে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলার ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার

বরিশালে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, মামলার ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার জাকির হোসেন। ছবি: এশিয়া পোস্ট

বরিশালের উজিরপুরে শাক তুলতে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে রোববার দিবাগত রাতে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলার কুন্দিহার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকালে র‍্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার এ তথ্য জানান। গ্রেপ্তার জাকির হোসেন (৪০) উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ড্রেজার ব্যবসার সঙ্গে যুক্ত।

র‍্যাবের ভাষ্য অনুযায়ী, মামলার এজাহারে বলা হয়েছে, জাকির হোসেন ওই কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশের একটি নির্জন ডোবা থেকে কলমি শাক তুলতে যায় কিশোরীটি। এ সময় তাকে একা পেয়ে জাকির ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে জাকির পালিয়ে যান।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে শনিবার রাতে উজিরপুর মডেল থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারে র‍্যাব-৮ এর সহায়তা চান।

র‍্যাব-৮ এর মিডিয়া কর্মকর্তা সাথী আক্তার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় জাকিরের অবস্থান শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উজিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, গ্রেপ্তার আসামিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।