দোকানে লাঠি-ইটপাটকেল মজুত রাখায় যুবককে কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দিতে দোকান ঘরে পরিকল্পিতভাবে কাঠের লাঠি ও ইটপাটকেল মজুত রাখায় মো. হিলাল উদ্দিন (৩৮) নামে এক যুবককে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নারুয়া বাজারে ভাই ভাই স্যানিটারিজ দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় দেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।
দণ্ডপ্রাপ্ত মো. হিলাল উদ্দিন উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের আজগর আলী মণ্ডলের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, ভোটগ্রহণের আগে ও পরে ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে ভাই ভাই স্যানিটারিজ দোকানে ৫৪টি কাঠের লাঠি ও ৫ ব্যাগ ইটপাটকেল মজুত রাখা হয়েছিল। সেখানে বিএনপির এমপি প্রার্থীর একাধিক ফেস্টুন-ব্যানার লক্ষ করা যায়।
তিনি আরও বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি স্বীকার করেছেন কাঠের লাঠি ও ইটপাটকেল মারামারি করার উদ্দেশ্যে রাখা হয়েছিল। তবে সেগুলো তার বড় ভাই মো. বিল্লাল উদ্দিন রেখেছে। বিল্লাল উদ্দিনকে মোবাইল ফোনে একাধিকবার দোকানে আসতে বললেও তিনি আসেননি। এজন্য ১৮৬০-এর ১৭১ (চ) নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইটপাটকেল মজুত করার দায়ে মো. হিলাল উদ্দিনকে ১০ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় তল্লাশি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন আর্মি ক্যাম্প বালিয়াকান্দি কমান্ডার মেজর রুবাইয়াতের নেতৃত্বে একদল সেনাসদস্য।