এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মেধা ও অর্জনকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়েছে এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পুরো মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। তাই শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমেও সমৃদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষক যখন আদর্শবান হন, তখন শিক্ষার্থীরাও অনুপ্রাণিত হয়। শিক্ষার উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো করা নয়, বরং একজন ভালো মানুষ তৈরি করা।
সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও’র আহ্বায়ক মিজানুর রহমান খান, কোষাধ্যক্ষ মো. হানিফ, সদস্য সচিব মো. রিয়াজুল করিম, উপজেলা বিএনপির নেতা মাসুম রানা, সদস্য রুবেল মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সংগঠনের সদস্য সচিব মো. রিয়াজুল করিম বলেন, সোনারগাঁয়ের মেধাবী শিক্ষার্থীদের সামনে এগিয়ে নিতে এবং তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করতেই আমাদের এই আয়োজন। আমরা চাই- এই শিক্ষার্থীরাই একদিন দেশ ও সমাজের নেতৃত্ব দেবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের অর্জনকে মূল্যায়ন করা সমাজের সকলের দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষা ও মেধাভিত্তিক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে এডুকেশন পার্লামেন্ট সোনারগাঁও।
অনুষ্ঠান শেষে অতিথিরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
