রেজাল্টের ভয়ে আত্মগোপনে স্কুলছাত্র, নিখোঁজ খবরে ‘মুক্তিপণ’ হাতাল চক্র

শেরপুরে নিখোঁজের এক দিন পর মহিবুল ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।
এর আগে, এদিন দুপুরে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি ছাত্রবাস (মেস) থেকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মহিবুল ইসলাম জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকেলে ৪টার দিকে তাকে বাড়িতে রেখে বাইরে যান তার মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে মহিবুলকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত গভীর হলেও সে বাড়ি না ফেরায় বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। একই সঙ্গে মহিবুলের ছবি দিয়ে নিখোঁজের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।
এদিকে এই সুযোগে একটি প্রতারক চক্র মহিবুলকে অপহরণ করা হয়েছে বলে তার পরিবারকে ফোন দেয় এবং মুক্তিপণ হিসেবে টাকা দাবি করে। ছেলের নিরাপত্তার কথা চিন্তা করে পরিবারের সদস্যরা বাধ্য হয়ে ওই চক্রের দেওয়া নম্বরে প্রাথমিক অবস্থায় ২৪ হাজার টাকা পাঠিয়ে দেন। এরপর বিষয়টি সদর থানা পুলিশকে অবগত করে পরিবার।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের এমন অভিযোগ আমলে নিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মাঠে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। যৌথ অভিযান চালিয়ে রোববার দুপুর আড়াইটার দিকে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি ছাত্রবাস থেকে মহিবুলকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, মহিবুল সম্প্রতি নবম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে সে স্বেচ্ছায় আত্মগোপনে চলে গিয়েছিল।
তিনি আরও বলেন, প্রতারক চক্রের বিষয়ে ভুক্তভোগী পরিবার যদি থানায় লিখিত অভিযোগ করে, তবে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে জেলা পুলিশ।
