উত্তরের মহাসড়কে আজও যানবাহনের চাপ

বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচন উপলক্ষে টানা তিনদিন ছুটি পেয়ে ঈদের আমেজে ভোট উৎসবে যোগ দিতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে যমুনা সেতু পশ্চিমপাড়া সায়দাবাদ, কড্ডার মোড়, নলকা ও হাটিকুমরুল গোলচত্বর এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের চেয়ে সিরাজগঞ্জের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাসের পাশাপাশি ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছে উত্তরের মানুষ। তবে মঙ্গলবারের তুলনায় আজকে যানবাহনের চাপ কমে এসেছে।
কড্ডার মোড় এলাকায় কথা হয় নয়ন শেখের সঙ্গে। তিনি বলেন, আমি ঢাকায় একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। নির্বাচন উপলক্ষে টানা তিন দিনের ছুটি পেয়েছি। মঙ্গলবার খুব চাপ থাকায় আসতে পারিনি। তাই আজকে ভোরে রওনা দিই, কোথাও কোনো যানজট না থাকায় দ্রুত চলে আসলাম।
তিনি আরও বলেন, এর আগে জাতীয় কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার আশা করছি সুন্দর ও উৎসব মুখর পরিবেশে পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে পারব। তিনি অভিযোগ করেন, টানা তিন দিন ছুটির কারণে সবাই বাড়ি যাচ্ছে আর এই সুযোগে পরিবহনগুলো তাদের ভাড়াও বাড়িয়েছে। অন্যদিন গাবতলী থেকে সিরাজগঞ্জের বাস ভাড়া ৩০০ টাকা নেওয়া হয়, কিন্তু আজকে সাড়ে ৪০০ টাকা দিয়ে আসতে হলো।
সিরাজগঞ্জ লাইন বাসের সুপারভাইজার ইকবাল হোসেন বলেন, ঢাকা থেকে যাত্রীর প্রচুর চাপ থাকায় ভাড়া একটু বেশি নেওয়া হচ্ছে এটা ঠিক। কিন্তু সিরাজগঞ্জ থেকে ঢাকা যেতে হচ্ছে ফাঁকা গাড়ি নিয়ে। এটা তো আপনারা দেখছেন না। আমরা কয়েক টাকা ভাড়া বেশি নিচ্ছি এটা নিয়ে যাত্রীদের অনেক কথাও শুনতে হচ্ছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আজকে সকাল থেকে মহাসড়কে যানবাহনের চাপ দেখা যাচ্ছে। তবে মঙ্গলবারের তুলনায় কিছুটা কম রয়েছে। আজকে সারাদিনই যানবাহনের এই থাকবে বলে আমরা ধারণা করছি।
তিনি আরও বলেন, ওইদিকে চাপ থাকতে পারে। আমার এপাশে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে যানবাহনের চাপ বাড়তেও পারে সেজন্য আমরা আমরা সবসময় সতর্ক আছি। এই মহাসড়কে যানবাহনগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এশিয়া পোস্টকে বলেন, আজকে এখন পর্যন্ত মহাসড়কের যানবাহনের তেমন চাপ দেখা যায়নি। অন্যান্য দিনের মতো গাড়ি চলাচল করছে।