নানাবাড়ি বেড়াতে এসে নদীতে নেমে স্কুলছাত্রী নিখোঁজ

বরগুনায় বুড়িশ্বর নদীতে গোসলে নেমে রাবেয়া আক্তার জুঁই নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লতাকাটা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টায় এ প্রতিবেদ লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে জুঁই তার মা তাসলিমা আক্তারের সঙ্গে ঢাকা থেকে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় নানা শানু হাওলাদারের বাড়িতে বেড়াতে আসে। সকাল সাড়ে ৮টার দিকে জুঁই আট বছর বয়সি সিয়াম নামে এক শিশুর সঙ্গে লতাকাটা খেয়াঘাট এলাকায় পায়রা নদীতে গোসল করতে নামে।
জুঁই ভালোভাবে সাঁতার জানত না। গোসলের একপর্যায়ে নদীর ঢেউ ও জোয়ারের স্রোতে সে তলিয়ে যায়। বিষয়টি সিয়াম পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
বরগুনা ফায়ার সার্ভিসে ডুবুরি দল না থাকায় পার্শ্ববর্তী জেলা পটুয়াখালী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।
জুঁইয়ের নানা শানু হাওলাদার বলেন, সকালে ঢাকা থেকে এসেই সাড়ে ৮টার দিকে জুঁই লতাকাটা খেয়াঘাটে আট বছর বয়সি সিয়ামের সঙ্গে গোসল করতে নামে। ভালো সাঁতার না জানায় জোয়ারের তোড়ে হঠাৎ নদীতে তলিয়ে যায়। আশপাশের মানুষ তাৎক্ষণিকভাবে চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।
বরগুনা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রুহুল আমিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো হয়। বরগুনায় ডুবুরি দল না থাকায় পটুয়াখালী থেকে ডুবুরি দল এনে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত জুঁইয়ের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাচনাইন পারভেজ জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে পুলিশ সহায়তা করছে। পাশাপাশি তালতলী ও পাথরঘাটা নৌ পুলিশ এবং কোস্টগার্ডের সহায়তা নেওয়া হয়েছে।



