logo

এনসিপির কমিটিতে নাম, সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত

এনসিপির কমিটিতে নাম, সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত
চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু। ছবি: এশিয়া পোস্ট

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা কমিটিতে নাম থাকায় প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সফিউল্লাহ জগলুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজামান খানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, মো. সফিউল্লাহ জগলু বর্তমানে ভোলার লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি সংযুক্তিতে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।

আদেশে আরও বলা হয়েছে, সফিউল্লাহ এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আছেন মর্মে এশিয়া পোস্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। তাই সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫ (১) বিধিতে সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সদস্য হওয়া এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫ (১) বিধি অনুযায়ী সফিউল্লাহকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

এ বিষয়ে বরখাস্ত হওয়া কর্মকর্তা সফিউল্লাহ বলেন, এনসিপির ভোলা জেলা কমিটি গঠনের সময় একই নামে একাধিক ব্যক্তি থাকায় ভুলবশত কমিটিতে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তার অনুমতি ছাড়াই এ কাজ করা হয়েছে। এ ক্ষেত্রে তার কোনো দায় নেই। তার চাকরির মেয়াদ আর মাত্র ছয় মাস বাকি। চাকরিজীবনের শেষ পর্যায়ে এসে সাময়িক বরখাস্তের এ সিদ্ধান্ত তার ও তার পরিবারের জন্য বড় ধাক্কা। আশা করছি প্রাণিসম্পদ অধিদপ্তর বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা যাচাইয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এর আগে গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্লাহ জগলুর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান বলেন, ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্লাহ জগলুর নাম এনসিপির কমিটিতে ভুল করে এসেছে। আমরা সেই কমিটি সংশোধন করে নতুন করে কমিটি দিয়েছি।

এনসিপির চরফ্যাশন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল বলেন, সফিউল্লাহ জগলু সরকারি চাকরি করেন। তার নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।