তিস্তার পানি নিয়ন্ত্রণে ৪৪ জলকপাট খুলে দিল পাউবো

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নীলফামারীর তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডালিয়া তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট সবকটিই খুলে রাখা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ডালিয়া পানি পরিমাপ স্টেশনে নদীর পানির সমতল রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যা নির্ধারিত বিপৎসীমার (৫২ দশমিক ১৫ মিটার) ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার তিস্তা চর ও নদী তীরবর্তী ছোটখাতা, ছাতুনামা, পূর্ব বাইশপুকুর, কিসামত ছাতনাই, উত্তর খড়িবাড়ী ও কালীগঞ্জ এলাকার নিচু জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে চরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে নতুন করে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। ইতোমধ্যে অনেক কৃষকের আবাদি জমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলে নিম্নাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল অব্যাহত থাকায় তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীর ওপর চাপ কমাতে এবং বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি জলকপাটই উন্মুক্ত রাখা হয়েছে।
এদিকে নদীর পানি বিপৎসীমা পার হওয়ার খবরে তিস্তা তীরবর্তী এলাকায় বসবাসকারী হাজারো মানুষের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সার্বক্ষণিক নজরদারি রাখছে বলে জানা গেছে।





