বাসের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘণ্টা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে এবং নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা রিক্তা পারভীন ওই বিদ্যালয়টিতে আয়া হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে মায়ের সাথে স্কুলে যাওয়ার পথে বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় রাস্তা পার হচ্ছিল শিপা। এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা বিরামপুরগামী দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিপাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে শিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তারা ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপের নিশ্চয়তা পেয়ে স্থানীয়রা অবরোধ তুলে নেন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার সাথে জড়িত বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


