logo
Advertisement

ব্যাংক থেকে ৭ লাখ টাকা তুললেন গ্রাহক, গুনতে গুনতেই উধাও ৪ লাখ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
ব্যাংক থেকে ৭ লাখ টাকা তুললেন গ্রাহক, গুনতে গুনতেই উধাও ৪ লাখ
দেবিদ্বার পৌর এলাকার পূবালী ব্যাংকের শাখায় বসে টাকা গুনছিলেন গ্রাহক। ছবি : ভিডিও থেকে নেওয়া

কুমিল্লার দেবিদ্বারে ব্যাংক থেকে টাকা তুলে ভেতরে বসে গোনার সময় এক গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। পাশে বসে থাকা এক ব্যক্তি অত্যন্ত সুকৌশলে টাকাগুলোর বান্ডেল হাতিয়ে নিয়ে স কেটে পড়েন।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার পূবালী ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। চুরির এই দৃশ্য ব্যাংকের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

ভুক্তভোগী গ্রাহকের নাম মো. জাকির হোসেন। তিনি দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের বাসিন্দা ও পেশায় ইলেকট্রিশিয়ান। এ ঘটনায় তিনি রাতে দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক প্রয়োজনে জাকির হোসেন রোববার পূবালী ব্যাংকের দেবিদ্বার শাখা থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। ক্যাশ কাউন্টার থেকে বিভিন্ন অঙ্কের কাঁচা নোটের বান্ডেল দেওয়ায় তিনি ব্যাংকের ভেতরের একটি সোফায় বসে স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে টাকা গুনছিলেন। একপর্যায়ে গুনে রাখা এক হাজার টাকার চারটি বান্ডেল (৪ লাখ টাকা) সোফার পেছনে রেখে বাকি টাকা গোনায় মনোযোগী হন তারা। টাকা গোনা শেষে হিসাব মেলাতে গিয়ে দেখতে পান ৪ লাখ টাকা উধাও।

পরে ব্যাংকের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, সোফায় তাদের পাশেই বসে থাকা এক ব্যক্তি কৌশলে পরিবারের সদস্যদের অগোচরে পেছনে রাখা ৪ লাখ টাকার বান্ডেলগুলো নিয়ে দ্রুত ব্যাংক ত্যাগ করছেন।

এ বিষয়ে পূবালী ব্যাংক দেবিদ্বার শাখার ব্যবস্থাপক মো. ওয়ায়েছ মাসুম চৌধূরী বলেন, গ্রাহক টাকা উত্তোলনের পর ব্যাংকের ভেতরে বসে টাকা গুনছিলেন। অসাবধানতাবশত গুনে রাখা টাকা পেছনে রাখায় প্রতারক চক্রের এক সদস্য সুযোগটি কাজে লাগায়।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘটনার লিখিত অভিযোগের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগৃহীত হয়েছে। প্রতারক চক্রের সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তারসহ চুরি হওয়া টাকা উদ্ধারে পুলিশি অভিযান চালানো হচ্ছে।