logo

মেঘনা নদী থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

মেঘনা নদী থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে সাবেক ইউপি সদস্য আমীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার নদীতীরবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমীর হোসেন (৪৩) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমীর হোসেনের বাবার বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নর গাজৌপুর গ্রামে। তবে তিনি ছোটবেলা থেকেই মামার বাড়ি একই উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ধরাভাঙ্গা এলাকার নদীতীরবর্তী এমপি টিলা থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।