logo

ঘুষ দিতে গিয়ে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

ঘুষ দিতে গিয়ে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক

রংপুর শিক্ষা অফিসে এমপিওভুক্তি শিক্ষক-কর্মচারীদের বিলের সুপারিশ পেতে প্রায় সাত লাখ টাকা ঘুষ দিতে গিয়ে মাইদুল ইসলাম নামে এক শিক্ষক আটক হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালকের কার্যালয়ে তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

আটক মাইদুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

শিক্ষা অফিসের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মাইদুল ইসলাম বেলা ২টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করেন। এ সময় উপর থেকে দুজন ব্যক্তি নেমে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে চলে যান। এরপর মাইদুল ইসলাম ব্যাগ হাতে সিড়ি দিয়ে উপরে ওঠেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের উপপরিচালক মোছা. রোকসানা বেগম বলেন, মাইদুল ইসলাম নামে ওই শিক্ষক এমপিওভুক্তির সুপারিশ করলে তাকে প্রায় আট লাখ টাকা ঘুষ দেবেন বলে জানান। এ সময় টাকার ব্যাগ দেখান। সঙ্গে সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে মাইদুলকে আটক করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) জানানো হয়। পরে ব্যাগে গিফটের কাগজে মোড়ানো অবস্থায় সাত লাখ টাকা পাওয়া যায়।

আটক মাইদুল ইসলাম বলেন, তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কাজাইকাটা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। অন্য শিক্ষক ও কর্মচারীদের আটকে থাকা বিল পাশ করতে সাত লাখ টাকা নিয়ে এসেছেন। টাকা দিলে হয়তো কাজ হবে, কারণ এর আগে খালি হাতে এসে কোনো কাজ হয়নি, তার সুপারিশ আমলে নেননি। এ জন্যই আজ টাকা নিয়ে এসেছেন।

দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া বলেন, ঘুষ দিতে এসে সাত লাখ টাকাসহ শিক্ষক আটক হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। এটি দুদক অফিসের আওতাধীন বিষয়। থানা-পুলিশ তাদের প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আমাদের যাবতীয় নথি হস্তান্তর করামাত্রই আমরা তদন্ত কার্যক্রম শুরু করবে। এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না খতিয়ে দেখা হবে।