কলেজে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষকের

নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের বাড়ি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকায়।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ইউসুফ নিজের স্কুটি চালিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে দয়ালের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর পড়ে যান। ওই সময় বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিক থেকে আসা একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
.png)






