বালু তোলার সময় নদীর পাড় ধসে শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের সময় বালুর নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে যাদুকাটা নদীর লাউড়েরগড় ডালারপাড় এলাকার জামালের চরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শাহ আলম, তিনি পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল থেকে যাদুকাটা নদীর লাউড়েরগড় ডালারপাড় জামালের চর এলাকায় ৮-১০টি নৌকা নিয়ে শতাধিক শ্রমিক অবৈধভাবে নদীর পাড় কেটে বালু উত্তোলন করছিলেন। এ সময় হঠাৎ করেই নদীর পাড় ধসে পড়লে শাহ আলম বালুর নিচে চাপা পড়েন।
সঙ্গে থাকা অন্য শ্রমিক ও স্থানীয় লোকজন শাহ আলমকে বালুর নিচ থেকে উদ্ধার করেন। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম বলেন, বালুর নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শ্রমিক ও স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।