Advertisement

যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

এশিয়া পোস্ট নিউজ, যশোর
যশোরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
jesore-sharsha

যশোরের শার্শা উপজেলার গোগা-রুদ্রপুর সড়কে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২০ জুলাই) সকালে রুদ্রপুর গ্রামের সালামের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর কোতোয়ালি থানার সুজলপুর গ্রামের জাহাঙ্গীর ভাণ্ডারীর ছেলে এবং মোটরসাইকেলচালক নাহিদ এবং বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন উষা।

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায় (রেফার করেন)। এ ছাড়া দুর্ঘটনায় ট্রলিচালক আমিরুলও আহত হয়েছেন। তিনি শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায় রোববারা রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে উষা, নাহিদ ও রুবেল একই মোটরসাইকেলে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে বেপরোয়া ও দ্রুতগতির একটি ট্রলি রুদ্রপুর এলাকায় পৌঁছালে উভয় যানবাহনের চালকই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী উষা ও নাহিদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত রুবেল, ট্রলি চালক ও তার সহকারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত দুই যুবকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন এবং স্বজনদের লিখিত আবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিষয় :যশোর