মাস্কাটে জরুরি অবতরণের পর চট্টগ্রামে পৌঁছেছে বিমান, আসেনি মরদেহ

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মধ্য আকাশে ছানোয়ারা বেগম (৫৫) নামে এক নারী যাত্রী গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন। যাত্রীর সুরক্ষায় ফ্লাইটটি ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি অবতরণজনিত বিলম্ব ও আনুষ্ঠানিকতা শেষ করে ফ্লাইটটি মাস্কাট থেকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে। পরে আজ দুপুর সোয়া তিনটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি। তবে আনা হয়নি ওই নারী যাত্রীর মরদেহ।
বুধবার (২৬ আগস্ট) জেদ্দা বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। আকাশে থাকা অবস্থায় যাত্রী ছানোয়ারা বেগম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ছানোয়ারা বেগমের বাড়ি চট্টগ্রামে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেদ্দা বিমানবন্দর থেকে ফ্লাইট বিজি-১৩৬ এ করে ওই নারী চট্টগ্রামে ফিরছিলেন। ফ্লাইটটি উড্ডয়নের কিছু সময় পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। যাত্রী সুরক্ষায় ফ্লাইটটি দ্রুত ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। সেখানে বিমানবন্দরে কর্তব্যরত চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মাস্কাটে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে। ওই নারী যাত্রীর মৃত্যুর বিস্তারিত কারণ এখনো জানা যায়নি।



