logo

তারেক রহমানের সমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ভিড়

তারেক রহমানের সমাবেশ ঘিরে পলোগ্রাউন্ডে নেতাকর্মীদের ভিড়

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। 

রোববার (২৫ জানুয়ারি) ভোর থেকেই দলে দলে নেতাকর্মীরা মাঠে আসছেন, কেউ কেউ আবার রাত থেকেই সেখানে অবস্থান নিয়েছেন। 

বেলা ১১টায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর সেখান থেকে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে জনসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি।

দীর্ঘ প্রায় দুই দশক পর দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম আগমন ও মহাসমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। মহাসমাবেশের আশপাশ ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। নেতাকর্মীরা জানান, তারেক রহমানকে কাছে থেকে একনজর দেখার ইচ্ছা থেকে সকাল সকাল উপস্থিত হয়েছেন।

তারা আরও জানান, বন্দরনগরীতে তারেক রহমানের আগমন তাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে৷তাকে দেখতে নগরের বিভিন্ন এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন অনেকে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে সরেজমিনে পলোগ্রাউন্ড মাঠের সামনের দিকে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়ছে।

 

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের মাটিতে পা রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-১৪৭ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে যান। সেখানেই রাত্রিযাপন করেন তিনি।

তারেক রহমান সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রামে গিয়েছিলেন। সে সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তিনি নগরীর লালদিঘী ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছিলেন।