ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত ও ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দেবে সরকার

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহত এবং গত ১৭ বছরে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাসিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেন, এ লক্ষ্যে একটি পৃথক অধিদপ্তর খোলা হবে। এর মাধ্যমে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আহমেদ আজম খান। তিনি বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ধারণের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর ১৬ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন। বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এ দেশের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ সব সময় ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, যারা ভারতে বসে অগ্নিসন্ত্রাস করছেন, তাদের বাংলাদেশে আসতে হলে অবশ্যই আইনি কাঠামোর মধ্যে আসতে হবে। আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান।
