প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছর বয়সি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এবং ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মামলার ২ নম্বর আসামি নুরু মিয়া এবং ৪ নম্বর আসামি ফালান।
র্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে মামলার ১ নম্বর আসামি ছানোয়ার টাকার লোভ দেখিয়ে মেয়েটিকে কাঞ্চন পৌরসভার নরাবটেক এলাকায় নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়। কয়েকদিন পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসার পর মেয়েটি জানায়, নুরুর সহায়তায় ছানোয়ার তাকে একাধিকবার ধর্ষণ করেছে। বিচার চাইলে মেয়েটির বাবাকে ভয়ভীতি দেখানো শুরু করে আসামিরা। ঘটনার ১১ দিন পর তিনি রূপগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন।
র্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক বলেন, মামলার পর র্যাব-১১ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। নিজস্ব তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই আসামিকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।