logo

৩ দিনের ব্যবধানে ঝিনাইদহ সীমান্তে ফের যুবকের মরদেহ উদ্ধার

৩ দিনের ব্যবধানে ঝিনাইদহ সীমান্তে ফের যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে তিন দিনের ব্যবধানে আবারও এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে সীমান্তের পলিয়ানপুর এলাকায় নদী থেকে পচাগলা মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, গত ১৩ এপ্রিল একই এলাকায় নদীর পাড় থেকে আরেকটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছিল।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে দুর্গন্ধ পেয়ে মরদেহের সন্ধান পান। পরে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে তারা পুলিশ ও বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সহযোগিতায় মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, মরদেহটি বাংলাদেশ সীমান্তের প্রায় ১০ গজ ভেতরে পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে মরদেহের পকেটে পাওয়া একটি পাসপোর্টে রাতিকান্ত জয়ধর (৪৬), পিতা দেবেন্দ্র নাথ জয়ধর, গ্রাম পোলাটানা, ভাঙ্গারহাট, কোটালিপাড়া, গোপালগঞ্জের ঠিকানা উল্লেখ রয়েছে। এটি উদ্ধার হওয়া মরদেহের পরিচয় কি না, তা যাচাই করা হচ্ছে।

তিনি আরও জানান, সুরতহাল শেষে মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, মরদেহটি কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় ছিল এবং ধারণা করা হচ্ছে এটি কয়েকদিন আগের মরদেহ। পানিতে থাকার কারণে মরদেহটি ফুলে গেছে। ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ যৌথভাবে কাজ করেছে।

গত ১৩ এপ্রিল একই এলাকায় ইছামতী নদীর পাড় থেকে আরেকটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। সীমান্তের জিরো লাইনের প্রায় ৫০ মিটার ভেতরে থাকা ওই মরদেহের পরিচয় এখনও শনাক্ত হয়নি।