প্রখর রোদে কাজের সময় কৃষকের মৃত্যু

জামালপুরের ইসলামপুরে তীব্র গরমের মধ্যে জমিতে কাজ করতে গিয়ে আবুল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলমান তাপপ্রবাহে জামালপুর জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন (৭০) ওই গ্রামের মৃত তমেজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের জমিতে ধান ও ধানের খড় শুকাতে যান আবুল হোসেন। দীর্ঘ সময় প্রখর রোদের মধ্যে কাজ করার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার জন্য রওনা হলে পথেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী মাকসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আজকে মাঠে কাজ করার সময় একজন কৃষকের মৃত্যু হয়েছে।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, হিটস্ট্রোকে মৃত্যু হলে ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে হয়। এরকম কোনো রোগী আজকে হাসপাতালে আসেনি।
উপজেলা কৃষি বিভাগ থেকে জানা গেছে, রোববার ইসলামপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রার পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের তীব্রতা আরও বেড়ে যায়।
