ফেনীতে ঢাকা-কক্সবাজারগামী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের স্টপেজ উদ্বোধন

ফেনীবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনটি এখন থেকে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে। নতুন এই যাত্রাবিরতি শুরুর দিনে ট্রেনে চড়ে ফেনী আসেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনের এই যাত্রাবিরতি উদ্বোধন শেষে তিনি ফেনীর উদ্দেশে যাত্রা করেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ২টায় তিনি ফেনী রেলওয়ে স্টেশনে পৌঁছে কক্সবাজারগামী যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
পরে রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ (হাবিব) বলেন, ফেনী জেলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার এলাকা। এই এলাকার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের এক আলাদা ভালোবাসা রয়েছে। তাই আজ থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ফেনীতে স্টপেজ দিচ্ছে। বর্তমান সরকার দিন দিন রেল খাতের উন্নয়ন করছে। রেলের যেকোনো উন্নয়নের সুফল ফেনীবাসীও পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেন, ট্রেনে করে ফেনীবাসীর নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কক্সবাজার ভ্রমণের এমন সুব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফেনী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মুহাম্মদ হারুনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
