logo

যুবসমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র: হুইপ দুলু

যুবসমাজের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র: হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: এশিয়া পোস্ট

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের এরশাদবিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে ২০২৪ সালের ৫ আগস্ট– প্রতিটি আন্দোলনেই যুবসমাজ রাজপথে নেমেছিল। তাদের রক্তের বিনিময়েই এ দেশে ভাষার অধিকার, স্বাধীনতা এবং আজকের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরে ‘জাতীয় যুব দিবস’ উলপক্ষে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, আমি বিশ্বাস করি, এই যুবকরাই এ দেশে পরিবর্তন আনতে পারে। আজ যারা বেকার, তাদের কর্মসংস্থানের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম যুবসমাজের জন্য ইউথ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় জেলা যুবসমাজ অফিস ছিল। যুবসমাজের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো। যুবকদের প্রশিক্ষণ দিয়ে দেশে-বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। ইউথ কমপ্লেক্সের অধীনে বিভিন্ন হাটবাজারে বেকারত্ব দূর করে জীবিকা নির্বাহের ব্যবস্থা করা হয়েছিল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গোলাম মাহাবুব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরা।

আলোচনা সভা শেষে সাতজন যুবকের মধ্যে আট লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয় এবং গাছের চারা রোপণ করা হয়।